মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

বাংলাদেশ-ইইউ সম্পর্ক জোরদারে বৈঠক, গুরুত্ব পেল বিনিয়োগ ও বাণিজ্য

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি সংসদীয় গণতন্ত্রের চর্চা, বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া শ্রম অধিকার, সংবিধান সংশোধন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্

বাংলাদেশ-ইইউ সম্পর্ক জোরদারে বৈঠক, গুরুত্ব পেল বিনিয়োগ ও বাণিজ্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি সংসদীয় গণতন্ত্রের চর্চা, বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া শ্রম অধিকার, সংবিধান সংশোধন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে চিফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় দুই পক্ষের মধ্যে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, দীর্ঘ সময় পর বাংলাদেশে সংসদীয় গণতান্ত্রিক চর্চা ফিরে এসেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক, সাংবাদিক, জুলাইযোদ্ধা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বিরোধী দলকেও সংশ্লিষ্ট কমিটিতে অংশ নেওয়ার জন্য একাধিকবার আহ্বান জানানো হয়েছে। এখনও তাদের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, বিরোধী দল আন্দোলনের পরিবর্তে সংসদে এসে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারে। গণতান্ত্রিক কার্যক্রমের মূল কেন্দ্র হলো জাতীয় সংসদ। সংসদে আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা সম্ভব।

বৈঠকে সংসদ সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সংসদীয় কার্যক্রম আরও গতিশীল করতে বাংলাদেশ-ইইউ সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়টি গুরুত্ব পায়। এ ছাড়া সংসদীয় বাজেট ব্যবস্থাপনা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানো, বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম আয়োজনের বিষয়েও কথা বলেন দুই পক্ষের প্রতিনিধিরা। পাশাপাশি শ্রম আইন সংশোধন, শ্রমিকদের অধিকার সুরক্ষা, ট্রেড ইউনিয়নের কার্যকর ভূমিকা নিশ্চিত করা এবং শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়।

আলোচনায় গণতান্ত্রিক ধারাবাহিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে জনগণের আস্থা বাড়ানোর বিষয়টিও উঠে আসে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার দীর্ঘ সময় পর বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে জাতীয় সংসদের ভূমিকার প্রশংসা করেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদ জানান।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০