এক ভাইয়ের নিথর দেহ বাড়িতে রেখে শেষ বিদায়ের প্রস্তুতি চলছিল, ঠিক তখনই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন বড় ভাই। কিন্তু ছোট ভাইয়ের দাফন সম্পন্ন হওয়ার আগেই জীবনযুদ্ধে হার মানলেন তিনিও। কক্সবাজারের চকরিয়ায় বসতঘরের ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে না ফেরার দেশে চলে গেছেন হাফেজ দুই সহোদর। দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন বাবা-মা।
রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার মৌলানা ফজল কাদেরের ছেলে হাফেজ ওমর ফারুক (১৩) ও মো. আবদুল্লাহ (১৬)।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে স্টিলের টিফিন বক্সে কয়লা জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করার সময় অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়লে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ছোট ভাই ওমর ফারুকের মৃত্যু হয়। গুরুতর দগ্ধ অবস্থায় বড় ভাই আবদুল্লাহকে উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাৎক্ষণিকভাবে নগদ অর্থ, আসবাবপত্র ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেন। ভবিষ্যতেও উপজেলা প্রশাসন পরিবারটির পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।