দেশে গত পাঁচ বছরে ইলিশের উৎপাদন কমেছে প্রায় ২৬ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন ইলিশ উৎপাদিত হলেও ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ৪ লাখ ১৯ হাজার ৫০০ টনে দাঁড়িয়েছে। উৎপাদন বাড়াতে অভয়াশ্রম স্থাপন, জেলেদের খাদ্যসহায়তা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এসব তথ্য জানান। পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১০ শতাংশ আসে ইলিশ থেকে। একক প্রজাতি হিসেবে মাছ উৎপাদনে ইলিশের অবদান সবচেয়ে বেশি।
মন্ত্রী জানান, ইলিশের উৎপাদন বাড়ানো এবং প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণে মেঘনার ঊর্ধ্বাঞ্চল ও নিম্ন অববাহিকা, পদ্মা, কালাবদর, আন্ধারমানিক ও তেঁতুলিয়াসহ উপকূলীয় নদীগুলোতে ছয়টি ইলিশ অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।
মা ইলিশ সংরক্ষণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের তথ্যও সংসদে তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, মা ইলিশ আহরণ নিষিদ্ধ থাকার ২২ দিনে ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে ২৫ কেজি করে মোট ১৫ হাজার ৫০৪ মেট্রিক টন খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের জন্য ২০২৫-২৬ অর্থবছরে চার মাস ধরে ৩ লাখ ৬৭ হাজার পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি মাসে ৪০ কেজি করে মোট ৫৮ হাজার ৭২০ মেট্রিক টন খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।
পাশাপাশি গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত টানা ৫৮ দিন উপকূলীয় এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলাকালে ১৪ জেলার ৬৯টি উপজেলার ৩ লাখ ১১ হাজার ৫০০ জেলে পরিবারকে প্রতি মাসে ৪০ কেজি করে মোট ২৪ হাজার ১৬৫ দশমিক ৬৩ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।
জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরিতেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় জাটকা আহরণ ও মা ইলিশ সংরক্ষণকালীন সময়ে ২৬ হাজার ১৭৬টি জেলে পরিবারকে বকনা বাছুর দেওয়া হয়েছে। এ ছাড়া ১৭ হাজার ৫০০ ইলিশ আহরণকারী জেলেকে আয় বাড়ানোর লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ইলিশের উৎপাদন বাড়াতে এসব কর্মসূচি অব্যাহত থাকবে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে গত পাঁচ অর্থবছরের উৎপাদনের হিসাব তুলে ধরেন মন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে দেশে ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন ইলিশ উৎপাদিত হয়। পরের অর্থবছর ২০২২-২৩ সালে তা বেড়ে ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টনে পৌঁছায়। তবে এরপর থেকে উৎপাদন কমতে থাকে। ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন দাঁড়ায় ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ টন এবং ২০২৪-২৫ অর্থবছরে তা আরও কমে ৫ লাখ ২ হাজার ৪৪৪ টনে নেমে আসে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে ইলিশের উৎপাদন ৪ লাখ ১৯ হাজার ৫০০ টন প্রাক্কলন করা হয়েছে।
ইলিশসহ অন্যান্য মাছের বাজারমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাছের খুচরা দাম মূলত বাজারে সরবরাহ ও প্রাচুর্যের ওপর নির্ভর করে। আড়তে নিলামের মাধ্যমে মাছের দাম নির্ধারিত হওয়ায় মুক্তবাজার ব্যবস্থায় খুচরা মূল্য নির্ধারণে মৎস্য অধিদপ্তরের সরাসরি ভূমিকা নেই। তবে উৎপাদন ও সরবরাহের সঙ্গে খুচরা দামের সম্পর্ক বুঝতে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে দেশের বাইরে ইলিশ পাচার ঠেকাতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান চলছে।
এদিকে বিপন্ন মাছের প্রজাতি রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংসদকে জানান মন্ত্রী। ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের প্রশ্নের জবাবে তিনি বলেন, কারেন্ট জালসহ বিভিন্ন ধরনের অবৈধ জালের কারণে উপকূলীয় অঞ্চলে মাছের উৎপাদন ইতোমধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে। এ পরিস্থিতি মোকাবিলায় অভয়াশ্রম স্থাপন, মাছের পোনা অবমুক্তকরণ এবং হাওর অঞ্চলের সাতটি জেলায় প্রতিবছর ৩০ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞাসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনির সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত নদীর মোহনা ও উপকূলীয় এলাকায় একশ্রেণির অসাধু জেলে ট্রলিং পদ্ধতিতে নির্বিচারে মাছ শিকার করছে। নৌযান থেকে জাল টেনে এভাবে মাছ ধরার কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য, খাদ্যনিরাপত্তা ও ব্লু-ইকোনমি হুমকির মুখে পড়ছে।
এ ধরনের কর্মকাণ্ড বন্ধ এবং মাছের প্রজাতি সংরক্ষণে সরকার ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছে বলে জানান তিনি। এ ছাড়া সারা দেশে মোট ৮৭টি মাছের অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে উন্মুক্ত জলাশয়ে প্রায় ২৪৪ টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে এবং ৯৭৮টি বিলে নার্সারি স্থাপন করা হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।