মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

স্পেনের বাজারে বাংলাদেশি পণ্যের পরিসর বাড়াতে নতুন উদ্যোগ

বাংলাদেশি পণ্যের স্প্যানিশ বাজার সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে স্পেনের সেভিল শহরে বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া বাণিজ্য, শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাত

স্পেনের বাজারে বাংলাদেশি পণ্যের পরিসর বাড়াতে নতুন উদ্যোগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশি পণ্যের স্প্যানিশ বাজার সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে স্পেনের সেভিয়া শহরে বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া বাণিজ্য, শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে স্পেনের সেভিয়া চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ডি. ফ্রান্সিসকো হেরেরো লিওনের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে তৈরি পোশাক ও বস্ত্র, ওষুধ, চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি, কৃষি এবং নবায়নযোগ্য জ্বালানির মতো সম্ভাবনাময় খাতে দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্পেনের বাজারে বাংলাদেশের পাটজাত পণ্যের পরিসর বাড়ানো এবং দেশের সৃজনশীল অর্থনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তারা।

বাংলাদেশ ও স্পেনের ব্যবসায়ীদের যৌথ অংশগ্রহণে প্রতিবছর অন্তত একটি বাংলাদেশকেন্দ্রিক সেমিনার আয়োজনের আগ্রহ প্রকাশ করেন সেভিয়া চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট। এরই অংশ হিসেবে স্পেনের ঐতিহাসিক সেভিয়া শহরে বাংলাদেশি পণ্যের বিশেষ প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

বাণিজ্যিক সম্পর্ক আরও কার্যকর করতে নিয়মিত বাণিজ্য প্রতিনিধিদল বিনিময় এবং সেভিল চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাথে বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর আধুনিকায়ন, শিল্প খাতের বর্তমান চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং দুই দেশের মধ্যে তথ্য বিনিময়ের বিষয়টি আলোচনায় আসে। সেভিয়া চেম্বার অব কমার্সের সাথে সম্পর্কযুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বৈঠক শেষে দুই পক্ষ বাংলাদেশ ও স্পেনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টিতে নিয়মিত অর্থনৈতিক সংলাপ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি এ লক্ষ্য অর্জনে বাস্তবমুখী উদ্যোগ অব্যাহত রাখার বিষয়েও তারা একমত হন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০