চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের পাহাড়তলী থানার ১৫২ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের বিচারক জেসমিন কলির আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকার আব্দুল মালেকের ছেলে জামাল উদ্দিন ও একই এলাকার হাবিন উল্লাহ এর ছেলে রফিক মিয়া।
আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন বলেন, সাক্ষীদের সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জামাল উদ্দিন ও রফিক মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তবে রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলা নথি থেকে জানা যায়, ২০১২ সালের ১৪ নভেম্বর নগরের পাহাড়তলী থানার সিটি গেট পুলিশ চেকপোস্টের প্রায় ১০০ গজ দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় চট্টগ্রাম শহরে প্রবেশের পথে একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। চালক গাড়ি থামিয়ে পালিয়ে যান। পরে চালকের পাশের আসনে থাকা জামাল উদ্দিনকে আটক করে পুলিশ।
এ সময় কাভার্ড ভ্যানের চালকের কেবিনে তল্লাশি চালিয়ে একটি চটের বস্তা থেকে ১৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১৫ দশমিক ২ লিটার ফেনসিডিল ছিল। এ ছাড়া ১২ লাখ টাকা মূল্যের কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবু ছালেক। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে অভিযোগগঠন করে বিচার শুরু হয়।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।