চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধের পর দুর্ঘটনাস্থল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউ) এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফেরাতে আজ বুধবার বিশ্ববিদ্যালয় এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। রুট পারমিট, ফিটনেস ও ট্যাক্স টোকেন সনদ ছাড়া যানবাহন চলাচল, বেপরোয়া গাড়ি চালানো এবং যত্রতত্র পার্কিংয়ের দায়ে ১৫টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার এ অভিযান পরিচালনা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে টোটাল গ্যাস, কেডিএসসহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের যানবাহন চলাচল ও পার্কিংয়ের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলা এবং সুশৃঙ্খলভাবে গাড়ি পার্কিংয়ের নির্দেশনা দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কের পাশে দুই শিক্ষার্থী বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি লরির ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে এক শিক্ষার্থীকে চাপা দেয়। এতে মাইশা মুশফিরাত নামে এক ছাত্রী নিহত হন। এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সাড়ে চার ঘণ্টা অবরোধ করে রাখেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।