গ্রাহকদের গড় বিলের ভোগান্তি কমাতে নগরে সাড়ে ১০ হাজার অচল, নষ্ট ও চুরি হওয়া পানির মিটার পরিবর্তন করছে চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। গত ১২ অক্টোবর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, পানির মিটার নষ্ট, অচল বা চুরি হলে অনেক গ্রাহক তা দ্রুত পরিবর্তন করেন না। এ অবস্থায় নিয়ম অনুযায়ী গ্রাহকদের গড় বিল দিতে হয় ওয়াসাকে। অনেক সময় এ বিল নিয়মিত বিলের চেয়ে বেশি হওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এ সমস্যা সমাধান ও রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে ওয়াসা নিজ উদ্যোগে মিটারগুলো প্রতিস্থাপন করছে। এ জন্য গত ১৭ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করা হয়।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরের হালিশহরের বড়পোল এলাকায় মিটার প্রতিস্থাপন কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মো. জানে আলম। এ সময় তিনি গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং মিটার পরিবর্তনের কাজের খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সেলিম মো. জানে আলম বলেন, গ্রাহকদের গড় বিল বা বেশি বিল আসার অভিযোগের পেছনে অনেক ক্ষেত্রে মিটার নষ্ট বা চুরি হওয়ার বিষয়টি রয়েছে। গ্রাহকেরা মিটার পরিবর্তনে দেরি করায় ওয়াসাকে নিয়ম অনুযায়ী গড় বিল দিতে হয়। গ্রাহকদের সুবিধার্থে সাড়ে ১০ হাজার মিটার প্রতিস্থাপন করা হচ্ছে। এতে গ্রাহকেরা মিটারের সঠিক রিডিং অনুযায়ী বিল পাবেন এবং ওয়াসার রাজস্ব আদায়ও বাড়বে।
এ সময় চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শারমিন আক্তার, বাণিজ্যিক ব্যবস্থাপক সাজিয়া পারভীন, প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে, রাজস্ব কর্মকর্তা এরফানুল করিম সাজ্জাদ ও সংশ্লিষ্ট মিটার পরিদর্শকেরা উপস্থিত ছিলেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।