পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে নতুন করে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন করেছে সরকার। বোর্ড গঠনের মাত্র তিন দিনের মাথায় অবসরপ্রাপ্ত বিচারপতি শেখ আশফাকুর রহমানের স্থলে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারক সৈয়দ আজাদ সুবহানী। এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে সভাপতিত্ব করবেন নতুন বোর্ড চেয়ারম্যান। পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ করার জন্য বোর্ড প্রথম সভা করতে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়াতে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। ওই দিন জারি করা প্রজ্ঞাপনে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ এবং মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়।
একই দিন আরেকটি প্রজ্ঞাপনে তৈরি পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়।
ছয় সদস্যের এই মজুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানের। তবে বোর্ড গঠনের তিন দিনের মাথায় তার পদত্যাগের পর নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হলো।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।