রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৬৮টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৪৯ জন, ওয়ারী বিভাগ ৭০ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ১৬৯ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪২ জন, গোয়েন্দা বিভাগ ২৪ ও এসআরইউ ১ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ৬২ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৩৫ হাজার ৮১০ পিস ইয়াবা, ২২৪ বোতল WINCEREX, ১২৬ বোতল ফেনসিডিল ও ৬ হাজার ৯৬০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।