মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খেলা

পর্দা উঠল এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের

চট্টগ্রামে শুরু হয়েছে এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের তৃতীয় আসর। শুক্রবার (৩০ অক্টোবর) বায়েজিদ টেক্সটাইল গেট সার্কেলসংলগ্ন এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

পর্দা উঠল এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের

চট্টগ্রামে শুরু হয়েছে এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের তৃতীয় আসর। শুক্রবার (৩০ অক্টোবর) বায়েজিদ টেক্সটাইল গেট সার্কেলসংলগ্ন এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। 

এ আয়োজনের ধারাবাহিকতায় আগামী ৪ নভেম্বর প্রথমবারের মতো শুরু হবে আন্তর্জাতিক অংশগ্রহণে ‘এশিয়ান গ্রুপ মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’।

ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ক্লিফটন গ্রুপ ১-০ গোলে কনফিডেন্স সিমেন্টকে হারায়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ক্লিফটন গ্রুপের নওশাদ। দ্বিতীয় ম্যাচে পিএইচপি ফ্যামিলি ২-০ গোলে চৌধুরী গ্রুপকে পরাজিত করে।

এবারের ফুটসাল প্রতিযোগিতায় দেশের ২৪টি করপোরেট প্রতিষ্ঠান আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে এশিয়ান গ্রুপ, কনকর্ড ও এক্সপো ফ্রেইট। গ্রুপ ‘বি’-তে কনফিডেন্স সিমেন্ট, ক্লিফটন গ্রুপ ও সাউথইস্ট ব্যাংক। গ্রুপ ‘সি’-তে এ অ্যান্ড ই, বিকাশ ও কেএসআরএম এবং গ্রুপ ‘ডি’-তে ডেকাথলন, পিএইচপি ফ্যামিলি ও চৌধুরী গ্রুপ।

গ্রুপ ‘ই’-তে এন মোহাম্মদ, আকিজ শিপিং ও মার্স্ক; গ্রুপ ‘এফ’-এ বনফুল, নগদ ও ফোর এইচ গ্রুপ; গ্রুপ ‘জি’-তে কেডিএস ফ্যাশন, মামিয়া ওপি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং গ্রুপ ‘এইচ’-এ মাফ ফ্যামিলি, রবি ও পি-টু-পি ফার্নিচার রয়েছে।

আগামী ৪ নভেম্বর শুরু হতে যাওয়া ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের খ্যাতনামা শাটলারেরা অংশ নেবেন। ৬ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে।

ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিরুল হক, বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী ও এনামুল আজিজ চৌধুরী লিটন, জাতীয় দলের ক্রিকেটার ইয়াসির আলি চৌধুরী রাব্বি এবং এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বিসিবির পরিচালক সাকিফ আহমেদ সালাম।

অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন এ ধরনের ক্রীড়া আয়োজনের জন্য এশিয়ান গ্রুপকে ধন্যবাদ জানান। খেলাধুলার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরে তিনি বলেন, একসময় তিনি প্রথম বিভাগ ক্রিকেট খেলেছেন। পরে স্পোর্টস মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন এবং গত ২৫ বছর ধরে এ বিষয়ে কাজ করছেন।

খেলাধুলায় শারীরিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলার আগে যথাযথ কন্ডিশনিং না করলে মাংসপেশিতে টান, লিগামেন্টে আঘাত ও মচকে যাওয়ার ঝুঁকি থাকে। পেশাদার খেলোয়াড় না হলেও খেলার আগে শারীরিক প্রস্তুতির বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত।

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি আন্তরিক। খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়া কার্ড চালু করা হয়েছে, যা দেশের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক উদ্যোগ। অনেক পেশাদার খেলোয়াড় আর্থিক সংকটে রয়েছেন উল্লেখ করে তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো ক্রীড়া আয়োজনে পৃষ্ঠপোষকতা করলে খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, ছোটবেলা থেকেই বাবা মোহাম্মদ আবদুস সালামের শরীরচর্চা ও খেলাধুলার প্রতি আগ্রহ দেখে তাঁরা দুই ভাই অনুপ্রাণিত হয়েছেন। সেই অনুপ্রেরণা থেকেই খেলাধুলার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা।

তিনি বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং মাদকমুক্ত ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে প্রতিবছর এ ক্রীড়া লীগের আয়োজন করা হচ্ছে। এবার ফুটসাল টুর্নামেন্টের তৃতীয় আসরের পাশাপাশি প্রথমবারের মতো মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা যুক্ত হয়েছে। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি বাড়ানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বিসিবির পরিচালক সাকিফ আহমেদ সালাম বলেন, দেশের বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে একই আয়োজনে যুক্ত করা, পারস্পরিক পরিচিতি বাড়ানো এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এশিয়ান গ্রুপ স্পোর্টস লীগের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি একে অপরের কাছ থেকে শেখার সুযোগ পাবেন।

এর আগে এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের দুটি আসর আয়োজন করা হয়েছে। এবার তৃতীয় আসরের সঙ্গে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা যুক্ত হওয়ায় আয়োজনের পরিধি বেড়েছে। টুর্নামেন্টের খেলার খবর ও ফলাফল এশিয়ান গ্রুপের ফেসবুক পেজ এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানগুলোর কর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি আন্তর্জাতিক খেলোয়াড়দের অংশগ্রহণ চট্টগ্রামের ক্রীড়াপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতার সুযোগ তৈরি করবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০