মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিনোদন

শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানের কিনজা হাশমী

দীর্ঘ ২৭ বছরের অভিনয়জীবনে শাকিব খানের নায়িকা হয়েছেন দেশি-বিদেশি ৭০ জনের বেশি অভিনয়শিল্পী। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমীর নাম। শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ তার বিপরীতে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। তবে পরিচালক কিংবা সংশ্লিষ্ট কেউ এখনো আনুষ্ঠানিকভাবে...

শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানের কিনজা হাশমী

দীর্ঘ ২৭ বছরের অভিনয়জীবনে শাকিব খানের নায়িকা হয়েছেন দেশি-বিদেশি ৭০ জনের বেশি অভিনয়শিল্পী। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমীর নাম।

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ তার বিপরীতে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। তবে পরিচালক কিংবা সংশ্লিষ্ট কেউ এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি। ফলে আনুষ্ঠানিক ঘোষণার আগেই নতুন নায়িকাকে ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়। শুরুতে পাকিস্তানের কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম সামনে আসে। তাদের মধ্যে ছিলেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিম। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাদের কেউ নন, শাকিবের নতুন নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন কিনজা হাশমী।

জানা গেছে, এরই মধ্যে তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে।

নায়িকা নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হলেও এখনই তার পরিচয় প্রকাশ করতে চাইছে না প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাকিবের নতুন নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এ কারণেই ‘মহব্বত’ সিনেমার প্রথম পোস্টারেও রাখা হয়েছে রহস্য। পোস্টারে শাকিবের সঙ্গে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর হাত দেখা গেলেও আড়ালে রাখা হয়েছে তার মুখ।

পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমী। ২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। শুরু থেকেই টেলিভিশন নাটকে নিয়মিত কাজ করে ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিতি পান এই অভিনেত্রী। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো নাটকে অভিনয় করেছেন কিনজা। টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাকে।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও পরিচিতি রয়েছে তার। পাকিস্তানের বিনোদন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করা এই অভিনেত্রী বাংলাদেশের সিনেমায় যুক্ত হলে তা হবে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়।

শাকিব খানের বিপরীতে বিদেশি অভিনেত্রীর অভিনয় অবশ্য নতুন নয়। এর আগে কলকাতার শ্রাবন্তী, পাওলি দাম, শুভশ্রী, স্বস্তিকা, সায়ন্তিকা, ইধিকা পাল, দর্শনা বণিক ও মিমি চক্রবর্তীর সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। এ ছাড়া বলিউডের সোনাল চৌহানসহ বিভিন্ন দেশের অভিনয়শিল্পীর সঙ্গেও অভিনয় করেছেন শাকিব।

শাকিব খান ও হিমেল আশরাফ জুটির আগের দুটি সিনেমাতেও ছিলেন বিদেশি নায়িকা। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটি মুক্তির পর বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। অন্যদিকে এই জুটির দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’-এ শাকিবের নায়িকা ছিলেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি।

এবার ‘মহব্বত’ সিনেমায় পাকিস্তানের কিনজা হাশমীকে যুক্ত করার মধ্য দিয়ে বিদেশি অভিনেত্রীদের সঙ্গে কাজের সেই ধারাবাহিকতা বজায় রাখতে যাচ্ছেন নির্মাতারা।

জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে ‘মহব্বত’ সিনেমার শুটিং। পরিকল্পনা অনুযায়ী, শুটিং শেষ করে ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০