মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খেলা

সব ধরনের ফুটবল থেকে চূড়ান্ত বিদায়ের পরিকল্পনা জানালেন নেইমার

আন্তর্জাতিক ফুটবলকে আগেই বিদায় জানিয়েছেন নেইমার জুনিয়র। ক্লাব ফুটবলেও ধীরে ধীরে কমতে পারে তার ব্যস্ততা। একসময় পেশাদার ফুটবলকে বিদায় জানালে কীভাবে কাটবে ব্রাজিলিয়ান এই তারকার দিন, সেই পরিকল্পনার কথা জানিয়েছেন সান্তোসের ফরোয়ার্ড। অবসরের পর প্রথম এক বছর কোনো নিয়মের মধ্যে না থেকে নিজের মতো করে সময় কাটাতে চান...

সব ধরনের ফুটবল থেকে চূড়ান্ত বিদায়ের পরিকল্পনা জানালেন নেইমার

আন্তর্জাতিক ফুটবলকে আগেই বিদায় জানিয়েছেন নেইমার জুনিয়র। ক্লাব ফুটবলেও ধীরে ধীরে কমতে পারে তার ব্যস্ততা। একসময় পেশাদার ফুটবলকে বিদায় জানালে কীভাবে কাটবে ব্রাজিলিয়ান এই তারকার দিন, সেই পরিকল্পনার কথা জানিয়েছেন সান্তোসের ফরোয়ার্ড। অবসরের পর প্রথম এক বছর কোনো নিয়মের মধ্যে না থেকে নিজের মতো করে সময় কাটাতে চান তিনি।

ব্রাজিলের ‘ভারান্দা গুরমে’ অনুষ্ঠানে মৌরিসিও মেইরেলেস ও ড্যানিয়েল জুকারম্যানের নেওয়া এক সাক্ষাৎকারে অবসর পরবর্তী জীবন, সন্তানদের সঙ্গে সময় কাটানো এবং ফুটবলের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে কথা বলেন নেইমার। তিনি জানান, খেলা ছাড়ার পর প্রথম এক বছর পেশাদার জীবনের নিয়মকানুন ও দায়িত্ব থেকে দূরে থাকতে চান। নিজের ইচ্ছা অনুযায়ী সময় কাটাবেন। এমনকি শখের বশে কখন ফুটবল খেলতে যাবেন, সেটিও ঠিক করবেন নিজেই।

অবসরের পরিকল্পনা নিয়ে হাস্যরসের সুরে নেইমার বলেন, ‘অবশ্যই, আমি যখন খেলা ছেড়ে দেব, তখন প্রথম একটা বছর কিছুই করব না। খালি বসে বসে অলস সময় পার করব। তখন আমার রুটিনটা হবে এমন, আজকে আমার ফুটবল খেলতে ইচ্ছে করছে, তাই খেলতে যাব। আজ আমার কিছুই করতে ইচ্ছে করছে না, তো কিছুই করব না।’

পেশাদার ফুটবলের ব্যস্ত সূচির কারণে পরিবারের সঙ্গে সময় কাটানোও নেইমারের কাছে গুরুত্বপূর্ণ। অনুশীলন ও ফিজিওথেরাপির মতো নিয়মিত কাজের মধ্যেও সন্তানদের জন্য সময় বের করে নেওয়ার চেষ্টা করেন তিনি। সন্তানরা যা করতে পছন্দ করে, তাদের সঙ্গে সেই সময় উপভোগ করতেই বেশি আগ্রহী এই ফুটবল তারকা।

বিশেষ করে মেয়ের সঙ্গে অ্যানিমেশন সিনেমা দেখার অভ্যাসের কথা তুলে ধরেন নেইমার। তার মেয়ে ‘শ্রেক’ ও ‘দ্য গ্রিঞ্চ’ সিনেমা দুটি পছন্দ করে। তাই ব্যস্ততার মধ্যেও মেয়ের পাশে বসে সিনেমা দেখেন তিনি।

নেইমার বলেন, ‘আমার জীবনটা খুবই ব্যস্ত। ফিজিওথেরাপি করতে হয়, অনুশীলন থাকে। তবুও সন্তানদের জন্য নির্দিষ্ট কিছু মুহূর্ত আমি তুলে রাখি এবং তারা যা পছন্দ করে, সেটাই করার চেষ্টা করি। আমার মেয়ে ‘শ্রেক’ আর ‘দ্য গ্রিঞ্চ’ সিনেমা দুটি খুব পছন্দ করে, আমি ওর সঙ্গে বসে এগুলো দেখি।’

দীর্ঘদিন ধরে পেশাদার ফুটবলের চাপ ও ব্যস্ততার মধ্যে থাকা নেইমারের কথায়, অবসরের পর নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়াই হবে বড় বিষয়। তখন প্রতিদিনের রুটিন ঠিক হবে তার নিজের ইচ্ছায়। ফুটবল খেলতে মন চাইলে মাঠে যাবেন, আর ইচ্ছা না হলে অবসর কাটাবেন নিজের মতো করে। পাশাপাশি সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোও তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০