সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অব্যাহত হামলার ঘটনায় আবারও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় বাংলাদেশি নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সরকার।
শুক্রবার ২৩ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি আহত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা।
গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এ হামলায় এক ভারতীয় ও একজন সৌদি নাগরিক নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, একজন সৌদি ও একজন নেপালি নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে।
বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে সরকার।
এর আগে গত ১০ অক্টোবর বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হন। ওই ঘটনার পরদিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামলার তীব্র নিন্দা জানায়।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।