ভারতে আগামী ১ নভেম্বর থেকে ফোনকলের ক্ষেত্রে কলার শনাক্তকরণ ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন এ ব্যবস্থায় অপরিচিত নম্বর থেকে কল এলেও গ্রাহকের মোবাইলের পর্দায় কলারের নাম ও নম্বর দেখা যাবে। ‘কলিং নেম প্রেজেন্টেশন’ নামে এ ব্যবস্থা চালু করতে টেলিকম সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে দেশটির টেলিযোগাযোগ বিভাগ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, নতুন এ ব্যবস্থার ফলে অপরিচিত নম্বর থেকে আসা কল শনাক্ত করা সহজ হবে। পাশাপাশি প্রতারণামূলক ফোনকল চিহ্নিত করতেও গ্রাহকেরা সুবিধা পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
সিএনএপি হলো ভারতের নিজস্ব কলার শনাক্তকরণ প্রযুক্তি। এ ব্যবস্থায় চতুর্থ ও পঞ্চম প্রজন্মের নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে কলারের নাম ও নম্বর দেখানো হবে। তবে দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক এবং পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কে এ পরিষেবা চালুর বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হবে।
নতুন ব্যবস্থায় ফোনের যোগাযোগ তালিকায় কোনো নম্বর সংরক্ষিত থাকলে সেই নামই পর্দায় দেখা যাবে। নম্বরটি সংরক্ষিত না থাকলে দেশের ভেতর থেকে আসা কলের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেলিকম সংস্থার গ্রাহকতথ্যে নিবন্ধিত নাম দেখানো হবে। তবে বিদেশ থেকে কল এলে পর্দায় শুধু ‘আন্তর্জাতিক কল’ লেখা দেখা যাবে।
এ ব্যবস্থা কার্যকর করতে টেলিকম সংস্থাগুলোকে গ্রাহকদের নাম ও ফোন নম্বরের তথ্য নিয়ে তথ্যভান্ডার তৈরি, পরিচালনা ও নিয়মিত হালনাগাদ করতে হবে। কল গ্রহণকারী টেলিকম সংস্থা ওই তথ্যভান্ডার থেকে কলারের নাম সংগ্রহ করে গ্রাহকের ফোনে দেখাবে।
গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে ব্যবস্থাটি তৈরির ক্ষেত্রে ‘সিকিউরিটি বাই ডিজাইন’ নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। কল শেষ হওয়ার পর প্রশ্ন ও উত্তরভিত্তিক পদ্ধতিতে কলারের নাম সংরক্ষণ করা যাবে না। এ ছাড়া ‘কলিং লাইন আইডেন্টিফিকেশন রেস্ট্রিকশন’ সুবিধা ব্যবহারকারীদের পরিচয় গোপন রাখা হবে। অর্থাৎ, এ সুবিধা নেওয়া গ্রাহকদের নাম কল গ্রহণকারীর পর্দায় দেখানো হবে না।
ব্যবসায়িক প্রতিষ্ঠান ও একাধিক মোবাইল সংযোগ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে নিবন্ধিত নামের পরিবর্তে পছন্দের নাম দেখানোর সুযোগও দিতে পারে টেলিকম সংস্থাগুলো। তবে সেই নাম ট্রেডমার্ক নিবন্ধনে থাকা কোনো ট্রেডমার্ক অথবা পণ্য ও পরিষেবা কর পোর্টালে নথিভুক্ত ব্যবসায়িক নাম হতে হবে। এ ক্ষেত্রে নামের সত্যতা ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করতে হবে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাকে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।