মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চট্টগ্রামে ছিনতাইয়ের মামলায় অভিযান, বাসা থেকে ৩২ ধরনের মালামাল উদ্ধার

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে এক ছিনতাইয়ের মামলার তদন্তে লাভ লেইন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৩২ ধরনের মালামাল জব্দ করেছে পুলিশ। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, নারীদের ভ্যানিটি ব্যাগ ও হ্যান্ডব্যাগ, অলংকার,

চট্টগ্রামে ছিনতাইয়ের মামলায় অভিযান, বাসা থেকে ৩২ ধরনের মালামাল উদ্ধার

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে এক ছিনতাইয়ের মামলার তদন্তে লাভ লেইন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৩২ ধরনের মালামাল জব্দ করেছে পুলিশ। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, নারীদের ভ্যানিটি ব্যাগ ও হ্যান্ডব্যাগ, অলংকার, মোটরসাইকেল এবং নগদ টাকা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বুধবার (২১ অক্টোবর) রাত দেড়টার দিকে কোতোয়ালী থানার লাভ লেইন এলাকার শ্রীশ্রী দয়াময়ী কালীমন্দির সড়কের একটি বাসায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওআর নিজাম রোডের উৎসব সুপার মার্কেটের বিপরীতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোহাম্মদ ইয়াছিন (৪৯) তাঁর স্ত্রী হালিমা আক্তারকে (৪০) চিকিৎসকের কাছে নেওয়ার জন্য রিকশায় করে জিইসি মোড় থেকে পার্কভিউ হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁদের রিকশার পেছন দিক থেকে এসে ভয়ভীতি দেখিয়ে হালিমার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ওই ব্যাগে দুটি আইফোন, নগদ চার হাজার টাকা ও অন্যান্য সামগ্রী ছিল। এ ঘটনায় ইয়াছিনের অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধির ৩৯২ ধারায় ছিনতাইয়ের মামলা হয়।

পাঁচলাইশ থানা-পুলিশের ভাষ্য, তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় মো. এরশাদ (৪০) নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁর অবস্থান শনাক্ত করে ওই বাসায় অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এরশাদ পালিয়ে যান।

অভিযানে বাসাটি থেকে ১০টির বেশি মোবাইল ফোন, একটি অচল এইচপি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন রঙ ও ব্র্যান্ডের নারীদের ভ্যানিটি ব্যাগ ও হ্যান্ডব্যাগ, একটি মোটরসাইকেল, অলংকার, নগদ ৩৫ হাজার টাকা, ১৬টি পুরোনো পেনড্রাইভ, চাবির গোছা ও একটি হেলমেটসহ ৩২ ধরনের আলামত জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, এরশাদ পেশাদার ছিনতাইকারী বলে তাদের ধারণা। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় সম্পত্তিসংক্রান্ত অপরাধের একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। উদ্ধার হওয়া মালামালের প্রকৃত মালিক শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তদন্ত চলছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০