বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আগামী ৫ নভেম্বর ঢাকায় বসছে দুই দেশের বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতাবিষয়ক আন্তসরকারি কমিশনের পঞ্চম বৈঠক। এ বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন গতি পাবে বলে আশা করছে মস্কো।
মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকায় রুশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বৈঠকে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির ফেডারেল ফিশারিজ এজেন্সির প্রধান এবং কমিশনের রুশ পক্ষের চেয়ারম্যান ইলিয়া শেস্তাকভ। প্রতিনিধিদলে রাশিয়ার জ্বালানি, অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অন্যান্য সরকারি সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।
বৈঠকে দুই পক্ষ বাণিজ্য, আর্থিক ও ব্যাংকিং সেবা, জ্বালানি, শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)-সহ বিস্তৃত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া, মূল বৈঠকের পাশাপাশি নবগঠিত রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর মধ্যে ব্যবসা সংক্রান্ত বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।
২০১৭ সালে গঠিত এই কমিশন বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করে আসছে। এর আগে ২০২৩ সালের মার্চ মাসে কমিশনের চতুর্থ বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল।
তবে পূর্ববর্তী বৈঠকের মতো নয়, এবারের সম্মেলনটি সশরীরে অনুষ্ঠিত হবে। রুশ দূতাবাস আস্থা প্রকাশ করেছে যে, এই বৈঠকটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচিত বাংলাদেশ সরকারের সাথে একটি গঠনমূলক সংলাপ স্থাপনে সহায়তা করবে এবং দ্বিপাক্ষিক ও ব্যবসায়িক সহযোগিতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই বৈঠক দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে নতুন গতি আনবে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।