জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরাম হত্যা মামলার আসামি একেএম জিয়াউদ্দিন ওরফে জিয়া রনিকে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। একই সঙ্গে তাঁর জামিনের বিষয়টি আইনানুগভাবে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উত্তর ও দক্ষিণ জেলা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেখানে কোনো হত্যাকাণ্ডের বিচারহীনতা মেনে নেওয়া যায় না। ওয়াসিম আকরাম হত্যা মামলার সংশ্লিষ্ট প্রত্যেক অভিযুক্তকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ওয়াসিমের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব-প্রতিপত্তি বিবেচনায় না নিয়ে আইনের আওতায় আনতে হবে। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া যাবে না।
সাইফুল আলম বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তিরা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ছাত্রদল তা মোকাবিলায় রাজপথে সজাগ রয়েছে। তিনি মামলার তদন্ত দ্রুত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল থেকে ওয়াসিম আকরাম হত্যা মামলার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের দাবি জানানো হয়।
মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরওয়ার রুবেল এবং মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, তারিকুল ইসলাম তানভীর, জিএম সালাহউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান, জহির উদ্দিন বাবর, শহিদুল ইসলাম সুমন, মাহমুদুর রহমান বাবু, ইসমাইল, আনাছ, রাহুল, শাহীন, বাপ্পী, আল মামুন সাদ্দাম, জুয়েল ও এনামুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।