মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিনোদন

‘এত বছরের অর্জন ধ্বংসের চেষ্টা কেন’, মামলা নিয়ে মুখ খুললেন তানজিন তিশা

হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনার পর ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান তুল

‘এত বছরের অর্জন ধ্বংসের চেষ্টা কেন’, মামলা নিয়ে মুখ খুললেন তানজিন তিশা
ছবি: সংগৃহীত

হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনার পর ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিশা। একই সাথে তাঁর দীর্ঘদিনের সম্মান, ক্যারিয়ার ও অর্জন নষ্ট করার চেষ্টা চলছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

স্ট্যাটাসে তানজিন তিশার দাবি, তাঁর একটি বক্তব্যের রেকর্ড থেকে নিজেদের সুবিধামতো অংশ কেটে মূল কথার অর্থ বদলে দেওয়া হয়েছে। এরপর ভিন্নভাবে বিষয়টি উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাঁর সম্মানহানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিশা লেখেন, ‘এত বড় একটা পরিকল্পনা? একজন মানুষের এত বছরের সম্মান, ক্যারিয়ার আর অর্জন ধ্বংস করে দেওয়ার এমন বিশাল ঘৃণ্য প্রচেষ্টা? কেন? কিসের জন্য? আর এর পেছনে কারা?’

অভিযোগ উঠলেই কাউকে দোষী সাব্যস্ত করা যায় কি না, সেই প্রশ্নও তুলেছেন অভিনেত্রী। তাঁর মতে, কোনো অভিযোগের সত্যতা যাচাই না করে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। সত্য-মিথ্যার বিচার আদালতেই হওয়া উচিত কি না, তা নিয়েও প্রশ্ন রেখেছেন তিনি।

তানজিন তিশা জানান, এ ঘটনায় তাঁর কাছে অনেক প্রশ্নের উত্তর ও তথ্যপ্রমাণ রয়েছে। তবে সেসব তথ্য ও প্রমাণ জনসমক্ষে তুলে ধরবে কে—আদালত, নাকি দায়িত্বশীল সাংবাদিকতা—সেই প্রশ্নও তুলেছেন তিনি।

স্ট্যাটাসে অভিনেত্রী আরও লেখেন, ‘মামলা কি এতই সহজ? অভিযোগ করলেই সত্য হয়ে যায়? একজনের নাম একের পর এক অভিযোগ ছড়িয়ে সামাজিক মাধ্যমে সম্মানহানি করা হয়?’

সাধারণ মানুষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিশা। তাঁর বক্তব্য, কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই তা যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। সত্য-মিথ্যা নির্ধারণে আদালত ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মামলাটি করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(সি) ধারায় মামলাটি করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন এবং আগামী ২৩ নভেম্বর তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০