সাবেক শিক্ষা উপমন্ত্রী ও টাঙ্গাইলের টাঙ্গাইল ২ (ভূঞাপুর ও গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে কাজ করবে। কয়েকদিন পরই বিষয়টি দেখতে ও অনুভব করতে পারবেন। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, কোনো কিছু করতে পারবে না। দেশের জনগণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সচেতন রয়েছে। জনগণ সরকারের পাশে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালাম পিন্টু বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকেই একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে আসছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ষড়যন্ত্র আরও বেড়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশের মাটিতে বসে নানা ষড়যন্ত্র করছে এবং তাদের সঙ্গে আরও অনেকে যুক্ত হয়েছে। তবে জনগণ সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অটুট রাখবে এবং বর্তমান সরকারের পাশে থাকবে।
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে আব্দুস সালাম পিন্টু বলেন, নির্বাচনের সময় এই সরকার ৩১ দফার প্রতিশ্রুতি দিয়েছিল। ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও মুয়াজ্জিনদের ভাতাসহ দেশের উন্নয়ন ও পরিবর্তনে যেসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, সরকার সেগুলো বাস্তবায়নে কাজ করছে।
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে নারীদের উদ্দেশে সাবেক এই শিক্ষা উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, সরকার তথ্য সংগ্রহের জন্য লোক নিয়োগ করেছে। তারা বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। ফ্যামিলি কার্ডের জন্য কাউকে পেছনে পেছনে ঘুরতে হবে না। কেউ টাকা চাইলে তা দেওয়া যাবে না। প্রয়োজনে বিষয়টি তাকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা বিএনপির নেতাদের জানাতে হবে।
তিনি আরও বলেন, অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কেউ ভুল তথ্য দিলে তিনি ফ্যামিলি কার্ড পাবেন না।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম, গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা, অর্জুনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলশাদ এবং অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম হাসানসহ অনেকে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।