শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ ও মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকার ৬৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক টহল এবং নজরদারি জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনীটি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব তথ্য জানান বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার বিএম তৌহিদ হাসান। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব উপজেলার মোট ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার বিএম তৌহিদ হাসান জানান, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৩টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে থাকা আরও একটি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন এবং আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি করছেন। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।