ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল ওমরাহ পালন করেছেন। পবিত্র মক্কায় গিয়ে ধর্মীয় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। ওমরাহ পালনের অভিজ্ঞতাকে জীবনের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে উল্লেখ করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশেও কড়া বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কাবা শরিফের সামনে ধারণ করা একটি ভিডিও শেয়ার করেন কেয়া পায়েল। ভিডিওতে কালো বোরকা পরা অবস্থায় তাঁকে কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ তাঁর এই বক্তব্যে ওমরাহ পালনের অভিজ্ঞতাকে জীবনের বিশেষ ও স্মরণীয় মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন তিনি।
এদিকে, পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন কেয়া পায়েল। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’
মন্তব্যের শেষাংশে অভিনেত্রী আরও বলেন, ‘তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।