কুমিল্লায় খুব শিগগিরই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইসাথে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিকে আরও স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি কুমিল্লায় নতুন একটি বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। এছাড়া খুব দ্রুত বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে।
খেলাধুলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন ও সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে বছরজুড়ে বিভিন্ন খেলাধুলা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন খেলায় নিয়মিত প্রতিযোগিতা আয়োজন করা হবে বলেও জানান।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ের পাশাপাশি স্কুল ও কলেজ পর্যায়েও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
১৯টি দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, মো. জসিম উদ্দিন, আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম উপস্থিত ছিলেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।