লক্ষ্মীপুরে বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে বিরোধ, দলীয় আশ্বাসে আবেদন প্রত্যাহার
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে বিএনপির ৩১ নেতার পদত্যাগের ঘটনা কয়েক ঘণ্টার ব্যবধানেই নতুন মোড় নিয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পদত্যাগপত্র জমা দিলেও রাতে তা প্রত্যাহার করে নিয়েছেন তারা। উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাদের আশ্বাসে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বলে জানিয়েছেন পদত্যাগের আবেদন করা নেতারা।
এর আগে সোমবার দুপুর ১টার দিকে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়। জেলা শহরের বাগবাড়ি এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমনসহ ১০ নেতা উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দেন।
তবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া পদত্যাগপত্রটি সাংগঠনিকভাবে গ্রহণ করেননি। তিনি বলেন, তারা কোনো কর্মীকে হারাতে চান না। পদত্যাগপত্রটি আপাতত নিজের কাছে রেখেছেন এবং ঊর্ধ্বতন নেতাদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
পরে সোমবার রাত ৯টার দিকে চররুহিতা এলাকায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের আবেদন প্রত্যাহারের কথা জানান ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম ও সাংগঠনিক সম্পাদক শহীদ উল্যাহ। তাদের ভাষ্য, ইউনিয়ন বিএনপির নেতাদের আশ্বাসে তারা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
৩১ নেতার পদত্যাগের আবেদনের পেছনে ছিল ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে বিরোধ। এ ঘটনায় ৫১ সদস্যের কমিটির ৩১ নেতা পদত্যাগের আবেদন করেছিলেন।
চররুহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ বলেন, ওয়ার্ড বিএনপির নেতারা অভিমান করে ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন। তাদের সাথে আলোচনা করার পর অভিমান ভেঙেছে। এখন তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
প্রসঙ্গত, পরকীয়া প্রেমের ঘটনায় এক বিবাহিত নারীকে নিয়ে চলে যাওয়ার অভিযোগে গত ১৩ এপ্রিল চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে পদ-পদবি থেকে অব্যাহতি দেয় ইউনিয়ন কমিটি। পরে ছয় মাস ১৮ দিন পর গত ৩১ অক্টোবর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।