পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে নতুন করে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন করেছে সরকার। বোর্ড গঠনের মাত্র তিন দিনের মাথায় অবসরপ্রাপ্ত বিচারপতি শেখ আশফাকুর রহমানের পরিবর্তে বিচারক সৈয়দ আজাদ সুবহানীকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
বিদায়ি চেয়ারম্যানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সৈয়দ আজাদ সুবহানী দায়িত্ব পাওয়ার প্রথম দিনেই পোশাক শিল্পের মজুরি বোর্ডের প্রথম সভা করেছেন। আজ বুধবার সকাল ১১টা ২৫ মিনিটে সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক হয়।
বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাক শিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার।
নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুবকে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন শ্রমিকপক্ষের প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য করা হয়েছে।
সেদিনই পোশাক শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের আলাদা মজুরি বোর্ড গঠন করে সরকার।
শ্রম আইন অনুযায়ী, ন্যূনতম মজুরি বোর্ডের চারজন সদস্যের সাথে তৈরি পোশাক খাতের মালিক ও শ্রমিকপক্ষের একজন করে প্রতিনিধিকে যুক্ত করে ছয় সদস্যের এ বোর্ড গঠন করা হয়।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডের সদস্য হয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন। আর বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার শ্রমিকপক্ষের প্রতিনিধি হয়েছেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।