চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে আড়াই বছর বয়সী এক শিশুও রয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া তিনজন হলেন সীতাকুণ্ডের আড়াই বছর বয়সী হাসনাত, একই উপজেলার কামরুন নাহার (৪২) এবং সাতকানিয়ার চেমন আরা বেগম (৫১)। মঙ্গলবার নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭ হাজার ৪০৬ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২৪ জন।
তবে সিভিল সার্জন কার্যালয়ের হিসাব ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর পূর্ণাঙ্গ চিত্র নয়। অনেক ল্যাব ও হাসপাতাল থেকে নিয়মিত তথ্য পাঠানো হয় না। এ ছাড়া বেসরকারি চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা নেওয়া রোগীদের তথ্যও সাধারণত সরকারি হিসাবে যুক্ত হয় না। ফলে প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।