নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ আটক ছাত্রদল নেতা শাকিল হোসেনকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আটক আরও দুজনকেও একই মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তিনি আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। দণ্ডপ্রাপ্ত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাদকসহ আটকের পর নিয়মিত মামলা না করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক দিনের কারাদণ্ড দেওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় ছাত্রদল নেতা হওয়ার কারণেই তাকে এক দিনের সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিভিন্ন সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে আত্রাই উপজেলায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় একটি সেতু এলাকায় তিনজনের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।
অভিযানের পর মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক আতিকুর রহমান আটক তিনজনকে এক দিন করে কারাদণ্ড দেন।
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন দোহা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘অভিযান চালিয়ে তিনজনকে ধরা হয়েছিল। তাদের কাছে গাঁজা পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে একদিন করে কারাদণ্ড দিয়েছেন।’









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।