মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্য বিশেষ প্রটোকল ও অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাবেক সরকারপ্রধান হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তাঁর জন্য এ নিরাপত্তা

প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্য বিশেষ প্রটোকল ও অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাবেক সরকারপ্রধান হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তাঁর জন্য এ নিরাপত্তা ও প্রটোকল বহাল থাকবে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।

গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা করেন একদল ব্যক্তি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিউইয়র্ক এবং ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশন ও কনস্যুলেটের কর্মকর্তাদের ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে, বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় তাৎক্ষণিকভাবে কঠোর নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার। এ ঘটনায় জড়িতদের বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য বলে চিন্থিত করা হয়। শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ব্যক্তি হলেন ড. ইউনূস। তার মতো শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বকে দেশের বাইরে হেনস্তার মতো ঘটনা যেন আর না হয় সে বিষয়ে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। একই সাথে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ঘটনাটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছে। পাশাপাশি নিউইয়র্ক সিটি পুলিশের সাথেও যোগাযোগ করেছে বাংলাদেশ কনস্যুলেট। বিমানবন্দরের দায়িত্বে থাকা পোর্ট অথরিটি এবং পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। এ বিষয়ে তাদের কাছ থেকে পরবর্তী তথ্যের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ কনস্যুলেট।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০