প্রকাশের মাত্র দুই দিনের মধ্যেই ইউটিউবে এক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা অভিনীত নাটক ‘ভালো আছো তো?’। সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। সংশ্লিষ্টদের দাবি, বাংলাদেশের একক নাটকের ক্ষেত্রে এত অল্প সময়ে এক কোটি ভিউ পাওয়ার ঘটনা এটিই প্রথম।
এর আগে ‘মন দুয়ারি’ ও ‘মায়াপাখি’ নাটকের মাধ্যমে দর্শকের প্রশংসা পেয়েছিল অপূর্ব-নীহা জুটি। এবার ‘ভালো আছো তো?’ দিয়ে সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন রেকর্ড গড়ল এই জুটি ও নির্মাতা।
নাটকটি নিয়ে দর্শকদের আগ্রহের প্রতিফলন দেখা যাচ্ছে ইউটিউবের মন্তব্যের ঘরেও। সেখানে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার দর্শক তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন, যাঁদের অধিকাংশের মন্তব্য ইতিবাচক। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন নাটক ও সিনেমাবিষয়ক পাতা এবং গোষ্ঠীতেও নাটকটি নিয়ে আলোচনা চলছে।
নির্মাণসংশ্লিষ্টদের মতে, নাটকটির সাফল্যের পেছনে রয়েছে গল্প বলার ধরন ও উপস্থাপনার ভিন্নতা। শুরুতেই চমকপ্রদ দৃশ্য, এরপর ধীরে ধীরে কাহিনির গভীরে প্রবেশ, সাবলীল সংলাপ, আবেগের সূক্ষ্ম উপস্থাপন এবং ব্যতিক্রমী সমাপ্তি—সব মিলিয়ে দর্শকদের জন্য আলাদা অভিজ্ঞতা তৈরি করেছে ‘ভালো আছো তো?’।
নাটকটির নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘সব সময় নিজের মনের মতো কাজ করতে চেয়েছি। কাজের স্বীকৃতি ও প্রাপ্তিতে আনন্দ হয়। এই প্রাপ্তি আমার একার নয়। প্রযোজক, শিল্পী, দর্শক ও আমার টিমকে অভিনন্দন জানাই।’
নাটকটির সাফল্যে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু। তিনি বলেন, ‘এই সাফল্যে দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞ। অপূর্ব, নীহা, জাকারিয়া সৌখিনসহ পুরো টিমকে অভিনন্দন। সিএমভি সব সময় দর্শকচাহিদার কথা মাথায় রেখে রুচিশীল ও মানসম্মত কনটেন্ট তৈরি করছে। এমন প্রাপ্তি পরবর্তী কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগায়।’
‘ভালো আছো তো?’ নাটকে অপূর্ব ও নাজনীন নীহা ছাড়াও অভিনয় করেছেন মিলি বাশার, সমাপ্তি মাশুক, প্রান্তসহ আরও অনেকে।
নাটকটির একমাত্র গান ‘যাকে ভালোবেসেছি’। আহমেদ রিজভীর লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।