রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও ট্রাকের সংঘর্ষে মো. শাওন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত ডিটিএল পরিবহনের বাসটির চালকের সহকারী হিসেবে কাজ করতেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়ার গোল্ডেন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন জানান, গোল্ডেন ব্রিজ এলাকায় একটি ট্রাকের সাথে ডিটিএল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে শাওন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত শাওন ওই বাসের চালকের সহকারী ছিলেন। তবে তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ এবং এর চালককে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।