ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী এলিজা জামান। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার ২ নভেম্বর সকালে নির্বাচন ব্যবস্থাপনা ২ অনুবিভাগের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন ২৩ সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন উপলক্ষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ ছিল। এ সময়ের মধ্যে বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন।
এতে আরও বলা হয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল রোববার ১ নভেম্বর বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে এলিজা জামান প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার উপধারা ১ অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম প্রকাশ করা হয়েছে।
এর ফলে শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিএনপির প্রার্থী এলিজা জামান।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।