ভারতে মুসলমানদের ঈদ উদযাপনের আগে হিন্দুদের অনুমতি নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক রামেশ্বর শর্মা। তার এমন বক্তব্যকে কেন্দ্র করে দেশটিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নেতারা এ মন্তব্যের বিরোধিতা করেছেন।
মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রামেশ্বর শর্মা বলেন, সূর্য ও চাঁদ সনাতন ধর্মের সঙ্গে সম্পৃক্ত। তার দাবি, হিন্দুধর্মের দেবতা শিবের সঙ্গেও চাঁদের সম্পর্ক রয়েছে। অথচ মুসলমানরাও চাঁদ দেখেই ঈদ উদযাপন করেন।
সংবাদমাধ্যম মানিকন্ট্রোল, এএনআই ও জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিজেপির এই বিধায়ক তার বক্তব্যে চাঁদকে সনাতন ধর্মের অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মুসলমানরা যে চাঁদ দেখে ঈদ পালন করেন, সেটিও সনাতন ধর্মের চাঁদ। তাই ঈদ উদযাপনের সময় মুসলমানদের সনাতন ধর্মের প্রশংসা করা উচিত।
তার বক্তব্যে ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে অন্য ধর্মের অনুসারীদের অনুমতি নেওয়ার বিষয়টি সামনে আসায় বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ নিয়ে এমন মন্তব্যের সমালোচনা করেছেন মুসলিম নেতারা।
মুসলিম নেতা আব্বাস হাফিজ বিজেপি বিধায়কের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রশ্ন তুলেছেন, ঈদ উদযাপনের জন্য মুসলমানদের কি এখন বিজেপির কোনো বিধায়কের অনুমতি নিতে হবে? তিনি বলেন, অতীতে ঈদ পালনের জন্য মুসলমানদের কখনো এ ধরনের অনুমতির প্রয়োজন হয়নি। ভবিষ্যতেও নিজস্ব ধর্মীয় বিধান ও রীতি অনুসারেই তারা ঈদ উদযাপন করবেন।
ইসলাম ধর্মে চাঁদ দেখার মাধ্যমে রমজান মাসের শুরু ও সমাপ্তি এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়। বিশেষ করে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের দিন নির্ধারিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ঈদ উদযাপিত হয়ে থাকে।
এদিকে, ভারতের সংবিধানের ২৫ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে। জনশৃঙ্খলা, নৈতিকতা ও স্বাস্থ্যের বিষয়গুলো বিবেচনায় রেখে প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালন, প্রচার ও চর্চার স্বাধীনতা রয়েছে। ধর্মীয় উৎসব পালনের জন্য অন্য কোনো ধর্মীয় সম্প্রদায়ের অনুমতি নেওয়ার সাধারণ সাংবিধানিক বাধ্যবাধকতা নেই।
এ বিষয়ে বিজেপির পক্ষ থেকেও বক্তব্য এসেছে। জি নিউজের প্রতিবেদনে দলটির মুখপাত্র শাহওয়ার আলম বলেন, রামেশ্বর শর্মার বক্তব্যকে ভিন্নভাবে ব্যাখ্যা করা উচিত নয়। তাঁর মতে, ভারতীয় উপমহাদেশে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে চাঁদ দেখার বিষয়টি জড়িত।
অন্যদিকে, বিজেপি বিধায়কের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন অখিল ভারতীয় সন্ত সমিতির মধ্যপ্রদেশ শাখার সভাপতি স্বামী অনিলানন্দ মহারাজ। তিনি বলেন, সনাতন ধর্মে প্রাচীনকাল থেকেই চন্দ্র, সূর্যসহ প্রকৃতির বিভিন্ন উপাদানের পূজা করার ঐতিহ্য রয়েছে।
সূত্র: এএনআই, মানিকন্ট্রোল ও জি নিউজ।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।