মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ · ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তায় বড় ত্রুটি পায়নি আইকাওর নিরীক্ষক দল

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় গুরুতর কোনো ত্রুটি খুঁজে পায়নি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরীক্ষক দল। চার দিনব্যাপী নিরীক্ষা শেষে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন দলের প্

শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তায় বড় ত্রুটি পায়নি আইকাওর নিরীক্ষক দল

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় গুরুতর কোনো ত্রুটি খুঁজে পায়নি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরীক্ষক দল। চার দিনব্যাপী নিরীক্ষা শেষে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন দলের প্রধান ক্যালাম ভাইন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে এ নিরীক্ষা কার্যক্রম শেষ হয়। এর আগে গত ১ নভেম্বর আইকাওর ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম—কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচের (ইউএসএপি-সিএমএ) আওতায় প্রথমবারের মতো শাহ আমানত বিমানবন্দরে এ নিরীক্ষা শুরু হয়।

চার সদস্যের নিরীক্ষক দলের অন্য সদস্যরা হলেন আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পিএ জয়কণ্ঠ।

নিরীক্ষার অংশ হিসেবে বিমানবন্দরের নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি যাত্রীদের মালামাল পরীক্ষার জন্য ব্যবহৃত হোল্ড ব্যাগেজ ও কেবিন ব্যাগেজ স্ক্যানিং মেশিনের কার্যকারিতা যাচাই করা হয়।

এ ছাড়া বিস্ফোরক শনাক্তকরণ প্রযুক্তি (ইটিডিএস), যাতায়াতপথে স্থাপিত ধাতব বস্তু শনাক্তকরণ যন্ত্র এবং হাতে ব্যবহারযোগ্য ধাতব শনাক্তকরণ যন্ত্রের কার্যকারিতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ, ক্যালিব্রেশন ও যাচাইপ্রক্রিয়া পর্যালোচনা করেন নিরীক্ষকরা। এসব যন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের সনদও পরীক্ষা করা হয়।

বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে যাত্রী ও মালামাল তল্লাশি করছেন কি না, তা যাচাইয়ে সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হয়। পাশাপাশি রানওয়ে ও কার্গো টার্মিনালের নিরাপত্তাব্যবস্থা এবং নিরাপত্তা পাস নীতিমালা অনুযায়ী যাত্রী ও দর্শনার্থীদের প্রবেশাধিকার পরীক্ষা করেন তাঁরা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন বলেন, নিরীক্ষা শেষে দলের প্রধান ক্যালাম ভাইন বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। গুরুতর কোনো পর্যবেক্ষণ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।

তবে নিরীক্ষার বিস্তারিত সুপারিশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (সিএএবি) সদর দপ্তরে জমা দেওয়া হবে। সেখানে অন্যান্য পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে, প্রথমবারের মতো আন্তর্জাতিক এ নিরাপত্তা নিরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০
সব খবর দেখুন