চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন দেশের সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে নির্ধারিত ছুটির সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ ছুটির আওতায় থাকছেন না।
আগামী ৬ নভেম্বর (শুক্রবার) থেকে ৮ নভেম্বর (রবিবার) পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে। ৬ নভেম্বর সাপ্তাহিক ছুটি, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। একই সাথে দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ও এ ছুটির আওতায় থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে গত ২১ অক্টোবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। অন্যদিকে, ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল। দুটি ছুটির সঙ্গে শুক্রবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা তিন দিনের অবকাশ তৈরি হয়েছে।
ছুটির তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। পরদিন ৮ নভেম্বর (রবিবার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। বাংলা পঞ্জিকা অনুসারে, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এ পূজা উদযাপিত হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির বিষয়টি ভিন্ন। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে কোনো ছুটির তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটি উল্লেখ নেই। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরাও এ ছুটি পাচ্ছেন না।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।