ভারতে বসবাসের অনুমতি নিয়ে আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা ইমরান খান। দেশ ছাড়ার নির্দেশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। তবে মামলার শুনানিতে অভিনেতার অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত জানিয়েছে, শুধু হলফনামা জমা দিলেই বিষয়টির নিষ্পত্তি হবে না। এ জন্য তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। একই সাথে ভারতের নাগরিক না হয়েও দেশটিতে থেকে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।
সোমবার মামলার শুনানিতে ইমরান জানান, সংশ্লিষ্ট প্রতিবাদ কর্মসূচির আয়োজকদের সাথে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে হলফনামা জমা দিতেও তিনি সম্মতি জানান। পাশাপাশি ভারতে থাকার অনুমতি দেওয়ার আবেদন করেন অভিনেতা।
তবে আদালত জানায়, কেবল হলফনামা জমা দিয়ে এই পরিস্থিতি থেকে বের হওয়ার সুযোগ নেই। বিচারপতিদের বেঞ্চ ইমরানের কাছে নিঃশর্ত ক্ষমা প্রত্যাশা করেছে।
শুনানিতে আদালত আরও মন্তব্য করে, কোনো ভারতীয় নাগরিক বিদেশে গিয়ে একই ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তাঁকে পরবর্তী বিমানেই দেশে ফেরত পাঠানো হতো। ইমরান দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন উল্লেখ করে আদালত প্রশ্ন তোলে, এত বছর পর হঠাৎ কেন তিনি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।