যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়বে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের (ডিএফসি) অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কাছ থেকে এটিকে অবহিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যার মাধ্যমে সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ বাংলাদেশের বৃহৎ প্রকল্পগুলো, যেমন ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, টেকনোলজি, ডিজিটাল ট্রান্সফরমেশনসহ বহুমুখী খাতে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি অনেক সহজতর হবে।’
মাহদী আমিন বলেন, ‘আপনারা নিশ্চয়ই জানেন যে, ফ্যাসিবাদী দীর্ঘ সময়ে যখন বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল, সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়ন এর আগে বাংলাদেশে আসেনি বা এর আগে দীর্ঘদিন ধরে সেটা বন্ধ ছিল।’
তিনি বলেন, ‘আজকে যে গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের ওপর আমরা দেখেছি বৈশ্বিক যে আস্থা এবং বিশ্বাস রয়েছে, সেই ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ এবং আজকের এই ডিএফসির অর্থায়নের যোগ্যতা বাংলাদেশ লাভ করেছে।’
তিনি আরও বলেন, ‘এর মাধ্যমে একদিকে বাংলাদেশের ব্যাপক পরিমাণে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি হবে শুধু তাই না, এর পাশাপাশি আমাদের গত নয় মাসের সরকারের যে পলিসি কন্টিনিউটি বা নীতিমালার ধারাবাহিকতা রয়েছে এবং গণতান্ত্রিক সরকারের ওপরে যে সর্বাঙ্গীন আস্থা রয়েছে, সেটির আমরা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।’
মাহদী আমিন বলেন, ‘আমরা বিশ্বাস করি ডিএফসির মাধ্যমে বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যে বৃহৎ প্রকল্পগুলো রয়েছে, সামনের দিনগুলোতে সেখানে মার্কিন বিনিয়োগ আসবে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও সামনের দিকে এগিয়ে যাবে।’
তিনি বলেন, ‘এরই মধ্যে আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশের যারা ইনভেস্টর রয়েছেন, যারা বিজনেসম্যান রয়েছেন, ওনারা বাংলাদেশের ওপর আস্থা রাখছেন এবং বাংলাদেশের যে ইনভেস্টিং ক্লাইমেট আমরা সব মন্ত্রণালয় মিলে সমন্বিতভাবে তৈরি করছি, তার আলোকে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে আরও সমৃদ্ধ এবং স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, ‘মূলত এই ফান্ডটা পাওয়ার মূল উদ্দেশ্য আপনারা দেখেছেন যে, আমাদের নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার অত্যন্ত শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ করেছে, আমাদের শ্রম আইন পাস করা হয়েছে, যার মাধ্যমে শ্রমিকদের স্বার্থ সুরক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘এবং আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যারা রয়েছে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা রয়েছে, স্পেশালি মার্কিন যুক্তরাষ্ট্র সেটা অনুপ্রাণিত হয়েই আমাদেরকে এই যে অর্থায়ন সেখানে যোগ্যতার সুযোগ তৈরি করে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘কেইস টু কেইস বেসিসে প্রত্যেকটা প্রজেক্ট আসবে এবং এখানে অবধারিত সুযোগ রয়েছে আমাদের বিনিয়োগ বা বিদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনার ক্ষেত্রে।’









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।