বকেয়া বেতন, বোনাস ও গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক পাওনার দাবিতে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনালে কর্মবিরতি শুরু করেছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগং কনটেইনার টার্মিনালসহ (সিসিটি) কয়েকটি টার্মিনালে কাজ বন্ধ রেখে আন্দোলন করছেন পাঁচ শতাধিক শ্রমিক। এতে বন্দরের কনটেইনার ও পণ্য ওঠানামার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে বকেয়া বেতন, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, দুই ঈদের বোনাস এবং সরকারি ছুটির দিনে কাজের পারিশ্রমিকের দাবি জানিয়ে আসছেন তারা।
এ বিষয়ে সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষকে একাধিকবার আলটিমেটাম দেওয়া হলেও পাওনা পরিশোধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়েই তারা কর্মবিরতির পথ বেছে নিয়েছেন।
শ্রমিক মো. ফারুক জানান, এই কর্মবিরতির ফলে তাদের আওতাধীন সাতটি বার্থে পণ্য ওঠানামার কাজ পুরোপুরি বন্ধ রয়েছে, যেখানে বর্তমানে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দর কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে আলোচনার প্রস্তাব দিলেও তাতে সাড়া দেননি আন্দোলনকারীরা। শ্রমিক সোহেল জানান, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান নিজে ঘটনাস্থলে উপস্থিত না হওয়া পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবেন না।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।