মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজনীতি

আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা ভারতবিরোধী নন, বরং আধিপত্যবাদের বিরুদ্ধে। বিশ্বের যেকোনো দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থকে সবার আগে গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা ভারতবিরোধী নন, বরং আধিপত্যবাদের বিরুদ্ধে। বিশ্বের যেকোনো দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থকে সবার আগে গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আসিফ মাহমুদ। বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘আবরার ফাহাদ: দিল্লি আধিপত্যবাদ প্রসঙ্গ’ শীর্ষক এ সভার আয়োজন করে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। অনুষ্ঠানটি শুরু হয় বিকেল ৩টায়।

আসিফ মাহমুদ বলেন, শুধু বক্তব্য ও বিবৃতির মধ্যে আধিপত্যবাদবিরোধী রাজনীতিকে সীমাবদ্ধ রাখলে হবে না। রাষ্ট্রীয় নীতিনির্ধারণের ক্ষেত্রেও বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বাস্তবে প্রতিফলিত করতে হবে।

তিনি বলেন, কোনো দেশের সাথে এমন কোনো চুক্তি হলে, যা বাংলাদেশের জন্য লাভজনক এবং এতে বড় কোনো ঝুঁকি না থাকে, তাহলে তাতে আপত্তির কারণ নেই। তবে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি বা সম্পর্কের পক্ষে তারা নন।

আবরার ফাহাদের ‘আট স্তম্ভ’-এর প্রসঙ্গ তুলে আসিফ মাহমুদ বলেন, গণতন্ত্র ও গণপ্রতিরোধসহ এসব ধারণা বাস্তবায়ন করা সম্ভব হলে আগামী দিনের আধিপত্যবাদবিরোধী রাজনীতিকে কার্যকর জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে।

সভায় এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলার কারণেই আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার মতে, আবরার এখন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকে পরিণত হয়েছেন।

গঙ্গার পানিবণ্টন চুক্তির প্রসঙ্গ তুলে আখতার হোসেন বলেন, আগামী দিনে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করা সরকারের জন্য বড় পরীক্ষা। গঙ্গার পাশাপাশি তিস্তাসহ সব অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার অজুহাতে বাংলাদেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা মেনে নেওয়া যায় না। ভারতসহ বিশ্বের যেকোনো দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০