মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

আপনারা কোনো দলের নন, প্রজাতন্ত্রের কর্মচারী: সংসদীয় কমিটির সভাপতি

প্রজাতন্ত্রের কর্মচারীদের দলীয় আনুগত্যের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে কাজ করার নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ এমপি। তিনি বলেছেন, সরকারি কর্মকর্তারা কোনো নির্দিষ্ট দল, ব্যক্

আপনারা কোনো দলের নন, প্রজাতন্ত্রের কর্মচারী: সংসদীয় কমিটির সভাপতি
ছবি: সংগৃহীত

প্রজাতন্ত্রের কর্মচারীদের দলীয় আনুগত্যের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে কাজ করার নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ এমপি। তিনি বলেছেন, সরকারি কর্মকর্তারা কোনো নির্দিষ্ট দল, ব্যক্তি বা গোষ্ঠীর নন; তাঁরা প্রজাতন্ত্রের কর্মচারী। নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে পুরোনো কর্মপদ্ধতি থেকে বেরিয়ে এসে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব কথা বলেন সাঈদ আহমেদ। বৈঠকে কমিটির সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন কমিটির সভাপতি। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এ ছাড়া মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণ করা হয়। একই সাথে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস প্রশাসন অ্যাকাডেমি, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, সরকারি যানবাহন অধিদপ্তর, সরকারি কর্মচারী হাসপাতাল, বিআইএএম ফাউন্ডেশন, জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমি (নাডা) এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমির (এনএপিডি) কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সরকারি বাজেট বরাদ্দের তুলনায় যেসব প্রকল্পের বাস্তবায়ন ধীরগতিতে চলছে, সেগুলোর কারণ খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। ‘সবার উপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে সরকারি কার্যক্রমে অসহযোগিতা বা অবহেলার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়।

এ ছাড়া রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মানসিকতার পরিবর্তন, জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ৩১ দফা সংস্কার প্রস্তাব মাঠপর্যায়ে বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে সাঈদ আহমেদ বলেন, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আইনি, প্রশাসনিক বা বাস্তব কোনো বাধা থাকলে তা কমিটির সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। প্রাসঙ্গিক তথ্য বা নথি গোপন না করে প্রকৃত পরিস্থিতি জানাতে হবে। সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, ডিজিটাল সেবা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ালে জনগণের সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হবে। তাই নাগরিক সেবা সহজ ও দ্রুত করার পাশাপাশি অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সমস্যা সমাধানে পুরোনো ধ্যান-ধারণা থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সংসদীয় কমিটিকে প্রতিপক্ষ হিসেবে না দেখে দেশের মানুষের কল্যাণে সবাইকে দল-মত নির্বিশেষে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সাঈদ আহমেদ বলেন, সরকারি কর্মকর্তাদের নির্দিষ্ট কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি আনুগত্য দেখানোর সুযোগ নেই। তাঁদের মূল দায়িত্ব প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা।

বৈঠকে কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি, শাহজাহান চৌধুরী এমপি, মো. আমিরুল ইসলাম খান এমপি, ফখর উদ্দিন আহমেদ এমপি, রেহেনা আক্তার রানু এমপি এবং মো. নূরুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তর ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০