মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজনীতি

জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, যা বললেন অর্থমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে বেসরকারি সাউথইস্ট ব্যাংকের এক কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার যোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর প্রশ্ন, মাঝারি আকারের একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্

জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, যা বললেন অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে বেসরকারি সাউথইস্ট ব্যাংকের এক কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার যোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর প্রশ্ন, মাঝারি আকারের একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে কী যোগ্যতার ভিত্তিতে জনতা ব্যাংকের মতো বড় ও সংকটাপন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে?

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই ব্যাংকগুলোর শীর্ষ পদে নিয়োগ দেওয়া হচ্ছে। প্রার্থীদের সাক্ষাৎকার ও জীবনবৃত্তান্ত যাচাই করে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপন করেন হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম হয়েছে। গত বছরের জুন পর্যন্ত জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে ম্যাক্সিম গ্রুপের ২৩ হাজার কোটি, এস আলমের ১০ হাজার ২০০ কোটি, এনেক্সটেক্সের ৭ হাজার ৮০০ কোটি এবং ক্রিসেন্ট গ্রুপের ৩ হাজার ৪০০ কোটি টাকা রয়েছে।

হাসনাত আবদুল্লাহর অভিযোগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকদের সমন্বয়ে গড়ে ওঠা একটি সিন্ডিকেটের কারণে ব্যাংকগুলো ধ্বংসের মুখে পড়েছে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের হাতে দেওয়া হবে। একই সঙ্গে এ খাতে সরকারের হস্তক্ষেপ বন্ধের কথাও বলা হয়েছিল। অর্থমন্ত্রীও এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সম্প্রতি বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হয়েছে। অথচ ২০২৪ সালের পর থেকে সাউথইস্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।

এ অবস্থায় জনতা ব্যাংকের মতো বড় ও সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানের দায়িত্ব দিতে ওই কর্মকর্তার কী ধরনের যোগ্যতা বিবেচনা করা হয়েছে, তা জানতে চান তিনি। পাশাপাশি নিয়োগের মানদণ্ড কী এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুসরণ করা হবে কি না, সে প্রশ্নও তোলেন। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তির প্রতিশ্রুতি কবে বাস্তবায়ন করা হবে, তা জানতে চান এই সংসদ সদস্য।

জবাবে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি ব্যাংক থেকে সরকারি ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। যোগ্যতার ভিত্তিতেই এসব নিয়োগ দেওয়া হচ্ছে। এ জন্য একটি প্যানেল রয়েছে। প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও জীবনবৃত্তান্ত পর্যালোচনার মাধ্যমে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হয়।

অর্থমন্ত্রী আরও বলেন, কোনো প্রার্থী বেসরকারি ব্যাংক থেকে এসেছেন, নাকি সরকারি ব্যাংকে কর্মরত ছিলেন, সেটি নিয়োগের ক্ষেত্রে বিবেচ্য নয়। ব্যাংকগুলোকে সংকট থেকে বের করে আনতে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হচ্ছে। শুধু এমডি পদেই নয়, ব্যাংকের পরিচালনা পর্ষদেও প্যানেল থেকে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হচ্ছে।

তিনি দাবি করেন, এখন পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়নি। ভবিষ্যতেও এ ধরনের নিয়োগ দেওয়া হবে না।

ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, গ্রাহকদের মধ্যে ব্যাংকের প্রতি আস্থা ফিরতে শুরু করেছে। অনেকে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার আশঙ্কা করলেও বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে। ব্যাংকগুলোতে নিট আমানত বাড়ছে এবং খাতটি ঘুরে দাঁড়াচ্ছে। পাশাপাশি ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ প্রক্রিয়াও ভালোভাবে এগিয়ে চলছে। ভবিষ্যতে এসব উদ্যোগের সুফল পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০