মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজনীতি

সিলেট অভিমুখে ১১ দলের লংমার্চ স্থগিত

সড়কের বেহাল অবস্থা ও জনদুর্ভোগের আশঙ্কায় সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী ২১ নভেম্বর এ কর্মসূচি হওয়ার কথা ছিল। সড়কপথের পরিবর্তে ট্রেনযোগে লংমার্চ আয়োজনের বিকল্প চিন্তা করা হলেও কারিগরি ও ব্যবস্থাপনাগত নানা জ

সিলেট অভিমুখে ১১ দলের লংমার্চ স্থগিত
ছবি: সংগৃহীত

সড়কের বেহাল অবস্থা ও জনদুর্ভোগের আশঙ্কায় সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী ২১ নভেম্বর এ কর্মসূচি হওয়ার কথা ছিল। সড়কপথের পরিবর্তে ট্রেনযোগে লংমার্চ আয়োজনের বিকল্প চিন্তা করা হলেও কারিগরি ও ব্যবস্থাপনাগত নানা জটিলতায় শেষ পর্যন্ত কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয় জোটটি।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

ব্রিফিংয়ে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং সংস্কার পরিষদ গঠন না হলে দেশের চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের সমাধান সম্ভব নয়। জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা সরকারের রাজনৈতিক ও গণতান্ত্রিক দায়িত্ব। কিন্তু সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। বরং অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া সংস্কার উদ্যোগগুলো বাতিলের মাধ্যমে সংস্কারের অঙ্গীকার থেকে সরে এসেছে। জনগণের রায় উপেক্ষা করে দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার পরিণতি ভালো হবে না।

১১ দলীয় ঐক্যের আগের কর্মসূচিগুলোর সাফল্য তুলে ধরে হামিদুর রহমান আযাদ বলেন, গত ৬ আগস্ট ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির মধ্যে তিনটি ইতোমধ্যে ব্যাপক জনসমাগম ও স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত সাত দফা দাবির প্রতিও দেশজুড়ে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এসব কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ সরকারের প্রতি জনমনে তৈরি হওয়া অসন্তোষ ও অনাস্থারই বহিঃপ্রকাশ।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। হামিদুর রহমান আযাদ বলেন, দেশে একের পর এক বোমা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। এতে মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। কিন্তু এসব অপরাধ নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান ও কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। সরকারের উচিত নিজেদের ব্যর্থতা স্বীকার করে জাতীয় সংসদে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া এবং অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া।

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, শুধু বক্তব্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন অভিন্ন নীতি, অঙ্গীকার ও কার্যকর পদক্ষেপ। গণভোটের রায় বাস্তবায়ন, সংস্কার পরিষদ গঠন, জুলাই গণহত্যার বিচার, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, গণতন্ত্রের বিকাশ এবং ফ্যাসিবাদী প্রবণতা প্রতিরোধকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে নিতে হবে। সরকার এসব বিষয়ে আন্তরিকভাবে উদ্যোগ নিলে জাতীয় ঐক্যের বৃহত্তর আহ্বানে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত ১১ দলীয় ঐক্য।

এদিকে লংমার্চ স্থগিতের কারণ ব্যাখ্যা করে হামিদুর রহমান আযাদ বলেন, প্রথমে সড়কপথে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প হিসেবে ট্রেনযোগে লংমার্চ করার বিষয়টি বিবেচনা করা হয়। তবে রেলপথের সংযোগ, ট্রেনের সময়সূচি, বিভিন্ন স্থানে বক্তব্য দেওয়ার জন্য ট্রেন থামানোর প্রয়োজনীয়তা এবং একক রেললাইনের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে দেখা যায়, এভাবে কর্মসূচি পালন করলে অংশগ্রহণকারী ও সাধারণ যাত্রীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হতে পারে। জনস্বার্থ ও মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করেই আপাতত লংমার্চ স্থগিত করা হয়েছে। তবে কর্মসূচি স্থগিত হলেও সাত দফা দাবি আদায়ের আন্দোলন থেকে একচুলও পিছিয়ে আসবে না ১১ দলীয় ঐক্য।

তিনি আরও বলেন, গণভোটের রায় নিয়ে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নেই। জনগণের রায় উপেক্ষা করে সংস্কার পরিষদ গঠন না করে শুধু সংশোধনের পথে এগোলে চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের সমাধান হবে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এ দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাবে ১১ দলীয় ঐক্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, ১১ দলীয় ঐক্যের মধ্যে কোনো ভাঙন বা বিভেদ নেই। জোটের ঐক্য অটুট ও সুদৃঢ় রয়েছে। একই সাথে ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে সরকারকে কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জরুরি সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাগপার মুখপাত্র ও সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈমসহ জোটের বিভিন্ন দলের নেতারা।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০