কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সাথে থাকা নেতাকর্মীদের ওপর হামলা এবং গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি। দলটির দাবি, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক হামলার ঘটনা গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রবিবার (৪ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি জানায়, সন্ধ্যায় লালন আখড়ায় প্রবেশের সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে তার হাতে আঘাত লাগে। তিনি ছাড়াও আরও দুজন আহত হন। পরে নেতাকর্মীরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্তের কথা জানায়।
এনসিপির দাবি, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এ ধরনের হামলার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে জানুয়ারিতে ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে তাকে লক্ষ্য করে একাধিকবার ডিম নিক্ষেপ ও হেনস্তার ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় নির্বাচনি অনুসন্ধান কমিটির মাধ্যমে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
দলটি আরও জানায়, গত জুলাইয়ে হবিগঞ্জে এনসিপির কর্মসূচি শেষে ফেরার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। তখন নাসীরুদ্দীন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। আর নিরাপত্তার জন্য সারজিস আলম একটি ব্যাংক ভবনে আশ্রয় নেন। পরে পুলিশ তাদের নিরাপত্তা দিয়ে সেখান থেকে নিয়ে যায়।
এর কয়েক দিন পর সিলেটেও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় গাড়ির কাচ ভেঙে যাওয়ার ছবি ও ভিডিও প্রকাশিত হলেও স্থানীয় পুলিশ হামলার ঘটনা অস্বীকার করে। এ কারণে ওই ঘটনার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করে এনসিপি।
বিবৃতিতে দলটি বলেছে, একজন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতার ওপর বারবার হামলা, হেনস্তা ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশের লক্ষণ নয়।
এনসিপি আরও বলেছে, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে এর জবাব হামলা, ভয়ভীতি বা সহিংসতার মাধ্যমে দেওয়া গ্রহণযোগ্য নয়। বিশেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক হামলার ঘটনা গুরুতর উদ্বেগের বিষয়। একটি ঘটনার পর আরেকটি ঘটনা ঘটতে থাকলে প্রতিটির তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। তা না হলে রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি আরও উৎসাহিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে দলটি মনে করে।
কুষ্টিয়ার ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি। একই সাথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সাথে থাকা নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।