মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি আবার শুরু

প্রায় দুই মাস বন্ধ থাকার পর নেপাল থেকে বাংলাদেশে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি আবার শুরু
ছবি: সংগৃহীত

প্রায় দুই মাস বন্ধ থাকার পর নেপাল থেকে বাংলাদেশে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টায় ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ এসেছে দেশটি থেকে। এর আগে গত ২৭ আগস্ট থেকে নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি পাওয়ার গ্রিড পিএলসি সূত্র এটি নিশ্চিত করেছে। সূত্র জানায়, গত ১৫ জুন থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে নেপাল। চুক্তি অনুসারে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা। কিন্তু গত ২৭ আগস্ট নেপালে ভয়াবহ বন্যার কারণে দুটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হলে সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ সন্ধ্যা ৭টা থেকে আবার সরবরাহ শুরু করে, যার ফলে ৮টা থেকে ৩৮ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।

ভারতের সঞ্চালনব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি হয়। নেপালে গত ২৬ আগস্ট ভোটেকোশি নদী এলাকায় আঘাত হানা ভয়াবহ বন্যায় জলবিদ্যুৎ প্রকল্পগুলো বন্ধ হয়ে যায়। এতে নেপালের বিদ্যুৎ রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এরপর ২৮ আগস্ট থেকে বাংলাদেশে সরবরাহ বন্ধ হয়। ভারতের সঞ্চালনব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত জুনে।

বর্ষা মৌসুমে নেপাল গড়ে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করে। তা কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে নেমে যায়। এখন আবার এটি বাড়ছে।

নেপাল বহু বছর ধরে, বিশেষ করে শুষ্ক শীতের মাসগুলোয় বিদ্যুৎ আমদানির ওপর নির্ভর করে আসছিল। দেশটি এখন নিজেকে আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এমন সময়ে নেপালে আঘাত হানা ওই দুর্যোগে দেশটির বিদ্যুৎ রপ্তানিতে বিঘ্ন দেখা দেয়।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০