মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সারাদেশ

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ৩০ নভেম্বর রংপুরে অর্ধদিবস হরতাল

প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিলসহ চার দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর রংপুর মহানগরীতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই দাবিতে এর আগে রংপুর বিদ্যুৎ গ্রাহক ফোরামও ওই দিন হরতাল পালনের ঘোষণা দেয়।

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ৩০ নভেম্বর রংপুরে অর্ধদিবস হরতাল

প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিলসহ চার দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর রংপুর মহানগরীতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই দাবিতে এর আগে রংপুর বিদ্যুৎ গ্রাহক ফোরামও ওই দিন হরতাল পালনের ঘোষণা দেয়।

সোমবার দুপুরে রংপুর জেলা জজ আদালত চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচির ঘোষণা দেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব ও আইনজীবী পলাশ কান্তি নাগ। সংবাদ সম্মেলনে তিনি বিদ্যুৎ খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ এবং গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করার দাবি জানান।

পলাশ কান্তি নাগ বলেন, সরকার ও বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পরিবর্তে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়াচ্ছে। এতে সাধারণ গ্রাহকদের ওপর আর্থিক চাপ বাড়ছে। তাঁর অভিযোগ, গ্রাহকদের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃপক্ষ রংপুর মহানগরীর বিভিন্ন বাসাবাড়িতে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন অব্যাহত রেখেছে।

তিনি আরও দাবি করেন, প্রিপেইড মিটার ব্যবহারের কারণে অনেক গ্রাহককে আগের ডিজিটাল মিটারের তুলনায় দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। এ পরিস্থিতিতে গ্রাহকদের ভোগান্তি নিরসন এবং বিদ্যুৎ খাতের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে রংপুর মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-প্রিপেইড মিটার বাতিল, আগের ডিজিটাল মিটার পুনঃস্থাপন, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও লুটপাটের অভিযোগের বিষয়ে শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ খাত বেসরকারীকরণের তৎপরতা বন্ধ করা।

সংগঠনটির নেতারা জানান, এসব দাবি আদায়ের লক্ষ্যেই ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ রক্ষা, বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগের সমাধান এবং সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, এ বি এম মসিউর রহমান, বিজয় প্রসাদ তপু, মাহফুজ হোসেন, মেহেদী হাসান তরুণ, মাহবুব আলম ও সানজিদা আক্তারসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০