প্রি-পেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গ্রাহকদের আগেভাগেই মিটারে পর্যাপ্ত টাকা রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। সিস্টেম আধুনিকায়নের কাজের কারণে টানা ২৪ ঘণ্টা এ সমস্যা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডেসকো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-পেইড সিস্টেমের আধুনিকায়ন কাজের জন্য আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টা থেকে ৬ নভেম্বর শুক্রবার রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে। যেসব প্রি-পেইড মিটারের নম্বর ৩ দিয়ে শুরু, সেসব মিটারের গ্রাহকরা এ সমস্যার মুখে পড়তে পারেন।
এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
জরুরি প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো কর্তৃপক্ষ।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।