মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় আটক ১১৭৯, কিশোর গ্যাংয়ের ৬৩৩

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক হয়েছেন ৬৩৩ জন। তাঁদের মধ্যে ৪০৮ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় আটক ১১৭৯, কিশোর গ্যাংয়ের ৬৩৩

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক হয়েছেন ৬৩৩ জন। তাঁদের মধ্যে ৪০৮ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২২৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে বুধবার (৪ নভেম্বর) পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৪০ জনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে ২৩ হাজার ৯৯৫টি ইয়াবা ও ৫৩ কেজি ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ জনকে কারাদণ্ড এবং ৭ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৩৩ জনের মধ্যে সবচেয়ে বেশি ২৮২ জন কুমিল্লা জেলার। এ ছাড়া চট্টগ্রামে ৯২, লক্ষ্মীপুরে ৫৭, নোয়াখালীতে ৫৫, চাঁদপুরে ৪৪, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩, কক্সবাজারে ২৬, ফেনীতে ১৯, রাঙামাটিতে ১৪, খাগড়াছড়িতে সাত এবং বান্দরবানে চারজনকে আটক করা হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৩০ সদস্যকেও আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কুমিল্লায় ২০, ফেনীতে চার, ব্রাহ্মণবাড়িয়ায় তিন, চাঁদপুরে দুই এবং চট্টগ্রামে একজন রয়েছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টার অভিযানে আটক ১ হাজার ১৭৯ জনের মধ্যে নিয়মিত মামলায় ১২০, আগের মামলায় ৮১, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৮, গ্রেপ্তারি পরোয়ানায় ১৫০ এবং সাজা পরোয়ানায় ১৫ জন রয়েছেন।

এ ছাড়া মাদক মামলায় ৭৮ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৬২ জনকে আটক করা হয়েছে।

জনস্বার্থে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০