সৌদি আরবের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ধেয়ে আসা ১১টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
বৃহস্পতিবার ২২ অক্টোবর জোটের পক্ষ থেকে জানানো হয়, রাজধানী রিয়াদ, মদিনা, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও দেশের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে আসা ড্রোনগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকা লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়।
সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানান।
জোটের দেওয়া তথ্য অনুযায়ী, রিয়াদ ও মদিনার আকাশে চারটি, রিয়াদের ওপর আরও একটি, পূর্বাঞ্চলীয় প্রদেশে চারটি এবং দক্ষিণাঞ্চলে দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে। সব মিলিয়ে ১১টি ড্রোন আকাশেই নিষ্ক্রিয় করার দাবি করেছে জোট।
তবে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট উৎক্ষেপণস্থল সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। একই সঙ্গে সেগুলো ভূপাতিত করার সময় মাটিতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য দেয়নি সামরিক জোট।
এর মাত্র এক দিন আগে, বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি অ্যারামকোর একটি তেল স্থাপনা এবং দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলার চেষ্টা চালানোর খবর পাওয়া যায়। ওই সময় ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল রিয়াদ।
একই দিনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট আরও সাতটি ড্রোন নিষ্ক্রিয় করার দাবি করেছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।