মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজনীতি

শ্রমিক আন্দোলনে আ.লীগ-জামায়াত-এনসিপির যোগসাজশ দেখছে যুবদল সভাপতি

পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার পেছনে পতিত আওয়ামী লীগ, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

শ্রমিক আন্দোলনে আ.লীগ-জামায়াত-এনসিপির যোগসাজশ দেখছে যুবদল সভাপতি
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার পেছনে পতিত আওয়ামী লীগ, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

সোমবার রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় পুলিশের পাশাপাশি যুবদলের নেতাকর্মীদেরও বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের পাশাপাশি বিরোধী দলের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন যুবদল সভাপতি।

আব্দুল মোনায়েম মুন্না বলেন, দেশের যেকোনো রাজনৈতিক সংকটে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে। জনগণের দল হিসেবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাও যুবদলের দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে মাঠে রয়েছেন।

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সোমবার টানা তৃতীয় দিনের মতো মিরপুরের সড়কে নামেন পোশাকশ্রমিকেরা। এর আগে রোববার শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়ে মজুরি বোর্ড গঠন করা হলেও আন্দোলন থামেনি। সোমবার সকাল থেকেই মিরপুরের বিভিন্ন স্থানে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়। কয়েকটি স্থানে শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।

এ সময় পুলিশের পাশে যুবদলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। তাঁদের কারও কারও হাতে লাঠিসোঁটাও ছিল। একইভাবে গাজীপুরেও যুবদলের নেতাকর্মীদের মাঠে থাকতে দেখা গেছে।

শ্রমিক আন্দোলনে বিরোধী দলগুলোর সংশ্লিষ্টতার অভিযোগ তুলে যুবদল সভাপতি বলেন, ‘আমরা গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে বিশৃঙ্খলার সাথে পতিত আওয়ামী লীগ, গুপ্ত জামায়াত ও এনসিপিকে দেখতে পাচ্ছি। এ অবস্থায় জনগণের দল হিসেবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকেই সচেতন থাকার জন্য সব জায়গায় বার্তা দেওয়া হয়। সহিংসতা করার জন্য কাউকে কোনো নির্দেশনা দেওয়া হয় না। বরং সচেতন থেকে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের সবসময় বলা হয়। সেই দায়িত্ববোধ থেকেই হয়তো দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে তাঁরা মাঠে রয়েছেন।’

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০