মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিনোদন

আপত্তিকর ভিডিও ভাইরালের এক মাস পর ফিরলেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জাকির

সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার এক মাসেরও বেশি সময় পর আবারও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে পরিচিত এই অভিনেতাকে সম্প্রতি ধারাবাহিকটির নতুন পর্বেও দেখা

আপত্তিকর ভিডিও ভাইরালের এক মাস পর ফিরলেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জাকির
ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার এক মাসেরও বেশি সময় পর আবারও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে পরিচিত এই অভিনেতাকে সম্প্রতি ধারাবাহিকটির নতুন পর্বেও দেখা গেছে।

গত মাসে পাভেলের একটি প্রায় পাঁচ মিনিটের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্ব থেকে তাঁকে বাদ দেওয়া হতে পারে বলেও গুঞ্জন ছড়িয়েছিল। তবে মঙ্গলবার সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রকাশিত ধারাবাহিকটির পঞ্চম সিজনের নতুন চ্যাপ্টারে দেখা গেছে তাঁকে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক মাধ্যমে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সেট থেকে একটি ছবি পোস্ট করেন পাভেল। ছবিতে তাঁকে একটি কালো ম্যানিকুইনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র পাশা ভাইয়ের (মারজুক রাসেল) কক্ষে এই ম্যানিকুইনটি দেখা যায়। পুতুলটির গায়ে নীল কাপড় জড়ানো, মুখে জোকারের মুখোশ এবং পরনে ব্যাঙের ছাপযুক্ত অন্তর্বাস রয়েছে।

ছবিতে ম্যানিকুইনটির দিকে হাস্যরসাত্মক ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখা যায় পাভেলকে। ক্যাপশনে তিনি লেখেন, ‘যাদেরকে বন্ধু-বান্ধব ভাবছিলি এরাই আসল (পরের শব্দ প্রকাশযোগ্য না)।’

পোস্টটি ঘিরে মন্তব্যের ঘরে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর ‘জাকির’ চরিত্রে ফিরে আসা নিয়ে প্রশ্ন করেছেন, আবার কেউ অভিনয়ে তাঁর উন্নতির প্রশংসা করে শুভকামনা জানিয়েছেন।

পাভেল প্রথম পরিচিতি পান ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে। প্রতিযোগিতাটিতে দ্বিতীয় রানারআপ হওয়ার পর দুই বাংলার দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।

দেশে ফিরে স্টেজ শো এবং ছোট ছোট চরিত্রে অভিনয় শুরু করলেও প্রথম দিকে প্রত্যাশিত পরিচিতি পাননি পাভেল। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে তাঁর যাত্রা শুরু হয়। পরে নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

এ ছাড়া কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ফিমেল’ (১ ও ২), ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ এবং ‘হাউ সুইট’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টেও অভিনয় করেছেন পাভেল। এসব কাজের মাধ্যমেও দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০