নব্বইয়ের দশকে অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছিলেন অভিনেতা সমু চৌধুরী। তবে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে তাঁকে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। কখনো বাজারে, কখনো মাজারে, আবার কখনো গানের আসরে তাঁর উপস্থিতির খবর ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রিয় এই অভিনেতার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।
এবার সমু চৌধুরীকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী মনিরা মিঠু। সেখানে তিনি অভিনেতার মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মনিরা মিঠুর দাবি, সমু চৌধুরী ‘বাইপোলার পার্সোনালিটি ডিসঅর্ডার’-এ ভুগছেন। তবে এ বিষয়ে কোনো চিকিৎসকের নির্ণয়ের তথ্য উল্লেখ করেননি তিনি।
পোস্টে সমু চৌধুরীর একাকিত্বের কথা তুলে ধরে মনিরা মিঠু লিখেছেন, ‘আহারে শিল্পী.. কত একা আপনি।’ তাঁর ভাষ্য, অনেকে সমু চৌধুরীকে পাগল বা নেশাগ্রস্ত হিসেবে দেখলেও তাঁর আচরণের পেছনে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা থাকতে পারে।
অভিনেতার জীবনের এক মর্মান্তিক ঘটনার কথাও তুলে ধরেছেন মনিরা মিঠু। তাঁর দাবি, এক সড়ক দুর্ঘটনায় সমু চৌধুরীর ভাইবোনসহ পরিবারের পাঁচ থেকে ছয়জন সদস্য মারা যান। বর্তমানে তাঁর বৃদ্ধা মা বেঁচে আছেন। দুর্ঘটনার আগে নিয়মিত অভিনয় করলেও ওই ঘটনার পর দীর্ঘ সময় আড়ালে ছিলেন সমু চৌধুরী। পরে আবার অভিনয়জগতে ফিরে আসেন তিনি।
সমু চৌধুরীর বিয়ে না করার পেছনেও মায়ের প্রতি দায়িত্ববোধ কাজ করেছে বলে উল্লেখ করেছেন মনিরা মিঠু। তাঁর ভাষ্য, স্ত্রী-সন্তান নিয়ে সংসার শুরু করলে মা একা হয়ে পড়বেন—এমন চিন্তা থেকেই সমু চৌধুরী একাকিত্বের জীবন বেছে নিয়েছিলেন।
একসাথে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে মনিরা মিঠু জানান, সমু চৌধুরীর জ্ঞান, জীবনদর্শন ও কবিতা পাঠ তাঁকে মুগ্ধ করত। তবে প্রায় দুই বছর আগে থেকেই অভিনেতার আচরণে কিছু পরিবর্তন লক্ষ করেছিলেন তিনি। শুটিংয়ে অনর্গল কথা বলা, নাচা কিংবা মঞ্চনাটকের সংলাপ উচ্চ স্বরে বলার মতো আচরণকে অনেকে নেশার প্রভাব বলে মনে করলেও মনিরা মিঠুর ধারণা, এর পেছনে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা থাকতে পারে।
নিজের পরিবারের কয়েকজন সদস্যের একই ধরনের অসুস্থতার অভিজ্ঞতার কথাও পোস্টে উল্লেখ করেছেন এই অভিনেত্রী। সেই অভিজ্ঞতা থেকেই সমু চৌধুরীর পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন বলে জানিয়েছেন।
পোস্টের শেষাংশে সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মনিরা মিঠু। তাঁর মতে, অভিনেতার এমন একজন আপনজন প্রয়োজন, যিনি তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করবেন। একই সাথে সমু চৌধুরীকে নিরাপদে রাখতেও সবার সহযোগিতা চেয়েছেন তিনি।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।