মূল লেখায় যান
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ · ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

বাংলাদেশের জ্বালানি খাতে আলজেরিয়ার সাথে অংশীদারত্বের সম্ভাবনা

বাংলাদেশের জ্বালানি খাতে নতুন সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে আলজেরিয়া সফর করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দুই দেশের মধ্যে জ্বালানি খাতের অংশীদারত্ব বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করাও এ সফরের অন্যত

বাংলাদেশের জ্বালানি খাতে আলজেরিয়ার সাথে অংশীদারত্বের সম্ভাবনা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জ্বালানি খাতে নতুন সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে আলজেরিয়া সফর করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দুই দেশের মধ্যে জ্বালানি খাতের অংশীদারত্ব বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করাও এ সফরের অন্যতম লক্ষ্য।

সোমবার (১৯ অক্টোবর) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের হুয়ারি বুমেদিয়েন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। তাঁর এ সফর চলবে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত।

জ্বালানিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি জ্বালানি খাতে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও রয়েছেন।

আলজেরিয়ার হাইড্রোকার্বন ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিমানবন্দরের প্রেসিডেনশিয়াল ভিআইপি লাউঞ্জে বাংলাদেশের মন্ত্রীকে স্বাগত জানান দেশটির রাষ্ট্রীয় মন্ত্রী ও হাইড্রোকার্বনবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ আরকাব।

সফরসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আলজেরিয়ার হাইড্রোকার্বনবিষয়ক প্রতিমন্ত্রীর সাথে আলোচনায় দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি সাংস্কৃতিক যোগাযোগ ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার আগ্রহ প্রকাশ করেন ইকবাল হাসান মাহমুদ। দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়ের ওপরও গুরুত্ব দেন তিনি।

সফরকালে বাংলাদেশের প্রতিনিধি দল আলজেরিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবে। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশেষ করে তেল ও গ্যাস উৎপাদন, জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা এবং প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে আলজেরিয়ার জ্বালানি খাতের সম্পর্ক আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হতে পারে। তেল-গ্যাস খাতে সম্ভাব্য অংশীদারত্ব, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক জোরদার করাই সফরের অন্যতম উদ্দেশ্য।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০